পটিয়ায় সংঘর্ষে প্রার্থীর ভাই নিহত: পৌর কাউন্সিলর রাজিব রিমান্ডে

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর আবদুল মান্নানের ছোট ভাই নিহতের মামলায় ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সরোয়ার কামাল রাজিবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহ এ রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৪ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনের দিন আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষে মারা যান কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের ভাই আবদুল মাবুদ। ওইদিনই কাউন্সিলর পদে বিজয়ী সরোয়ার কামাল রাজিবকে আটক করে পুলিশ। পরের দিন আবদুল মান্নান বাদী হয়ে রাজিবসহ সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে পটিয়া থানায় হত্যা মামলা করেন।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, মামলাটি তদন্তের প্রয়োজনে আসামি রাজিবকে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আসামিপক্ষের আইনজীবী নুর মিয়া বলেন, আমরা রাজিবের জামিনের আবেদন করি। সেটি নাকচ করে বিচারক রাষ্ট্রপক্ষের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এদিকে গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে আবদুল মান্নান অভিযোগ করেন, মামলার পর থেকে আমাকে, মামলার সাক্ষীদের হুমকি-ধমকি এবং আমার পরিবার সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। সরোয়ার কামাল রাজিব কিশোর গ্যাং লিডার। আমরা তার ফাঁসির দাবি জানাচ্ছি।

এ সময় নিহতের ছেলে ফাহিমুল ইসলাম ও রাকিবুল ইসলাম, পরিবারের সদস্য আবদুল মালেক, আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।