সরকারি গাছ বিক্রি

রামগতি উপজেলা চেয়ারম্যান আজাদ বরখাস্ত

সরকারি গাছ কেটে বিক্রি, জলাতঙ্কের টিকা সরবরাহ না করাসহ নানা অনিয়মের অভিযোগ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনাস্থায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেনকে।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পরে সন্ধ্যায় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মোমিনও দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে শরাফ উদ্দিন আজাদ বলেন, ‘আমাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আমি আইনি লড়াই চালিয়ে যাব।’

গত বছরের ২৮ জুলাই শরাফ উদ্দিন আজাদের বিরুদ্ধে রামগতি উপজেলা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ জন বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন। এতে উপজেলা ভাইস চেয়ারম্যান, ৮ ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের সংরক্ষিত দুই নারীসহ ১২ সদস্য স্বাক্ষর করেন।

প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার জহিরুল ইসলাম। তিনি সরেজমিনে এসে অনিয়মের খোঁজখবর এবং পরিষদের ১৩ সদস্য ও দুজন সরকারি কর্মকর্তার সাক্ষ্য নেন। তদন্ত কমিটির সুপারিশে গতকাল শরাফ উদ্দিন আজাদকে রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হলো।