তিন দিনের ছুটিতে ঢাকা ছাড়ার হিড়িক

শুক্র, শনি ও ভাষা শহীদ দিবস উপলক্ষে তিন দিনের ছুটিতে ফাঁকা হয়েছে ঢাকা। অন্যান্য শুক্রবারের তুলনায় আজ যানজট নেই তেমন। নেই মানুষের ভিড়। তবে ভিড় আছে পাটুরিয়া, শিমুলিয়া ফেরি ঘাটে। 

আমাদের মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে দক্ষিণবমুখী যাত্রীদের ঢল নামে। এ নৌরুটে সারাদিন ফেরি, লঞ্চ ও স্পিডবোটে করে যাত্রীদের পদ্মা পাড়ি দিতে দেখা গেছে। 

বাড়তি যাত্রীর চাপে হিমশিম খেতে হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। শিমুলিয়া ঘাটে দুপুর নাগাদ ৮০০ যানবাহন পারাপারের অপেক্ষায় থাকে। তাছাড়া হাজারও যাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে পদ্মা পাড়ি দিতে পেরেছেন।  

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, নৌরুটে ১৩ ফেরি চলাচল করে। এর মধ্যে রয়েছে ৩টি রো-রো ফেরি, ২টি কে-টাইপ, ৩টি মিডিয়াম ও ৫টি ডাম্প ফেরি। এ দিন সকালেই বাড়তি যানবাহন ও যাত্রীর চাপ দেখা দেয় শিমুলিয়া ঘাটে। এতে এ নৌরুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে পারাপারে উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান জানান, দক্ষিণবঙ্গের ঘরমুখো যাত্রীর চাপ সামলাতে নৌরুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোটের চালকসহ কর্মচারীদের বেগ পেতে হয়েছে। যাত্রী পারাপারে নৌরুটে ১৩ টি ফেরী ছাড়াও ৮৭টি যাত্রীবাহী লঞ্চ ও আড়াই শতাধিক লঞ্চ চলাচল করে।

আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও যানবাহনের চাপ বেড়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে শুধু পাটুরিয়া ঘাট এলাকায় পারের অপেক্ষায় ছিল ৮ শতাধিক যানবাহন। অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি ও পরিবহন বাস পারাপার করা হলেও সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার সাময়িক বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। 

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, শুক্রবার আসলেই বাড়তি যানবাহনের চাপ বেড়ে যায়। তার মধ্যে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার দুপুর থেকে বাড়তি যানবাহনের ভিড় পড়ে যায় ঘাটে। শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত যানবাহনের চাপে নাকাল অবস্থা রয়েছে ঘাটজুড়ে। 

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাট এলাকার কন্ট্রোল রুমের শেষ খবর পর্যন্ত শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকায়, শতাধিক যাত্রীবাহী বাস, ৩ শতাধিক ব্যক্তিগত যানবাহন, তিন শতাধিক পণ্যবোজাই ট্রাক এবং উথুলি সংযোগ মোড়ে আরো শতাধিক পণ্যবোঝাই ট্রাক ফেরি পারা পারের অপেক্ষায় আছে। ১৭টি ফেরির মধ্যে ১৬টি ফেরি চলাচল করছে।