তাইজুলের বাদ পড়ার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

নিউজিল্যান্ড সফরে নাসুমকে জায়গা দিতে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলছেন, তাইজুলকে তারা বেশি বেশি টেস্ট খেলাতে চান।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস চ্যাম্পিয়নস ট্রফির খেলা শেষে নান্নু বলেন, ‘আমরা টেস্ট ক্রিকেটে এখন তাইজুলকে বেশি খেলানোর চিন্তাভাবনা করছি। নাসুমকে তো টি-টোয়েন্টি ফরম্যাটের ভাবনায় রেখেছি। ঘরোয়াতেও ওর পারফরম্যান্স যথেষ্ট ভালো। আশা করছি আন্তর্জাতিক অঙ্গনে নাসুম নিজেকে মেলে ধরতে পারবে।’

৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামী মঙ্গলবার নিউজিল্যান্ড রওনা হবে বাংলাদেশ দল। সেখানে ৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্রিকেটারদের। এরপর আরও ১০ দিন অনুশীলন করতে হবে নিজেদের মধ্যেই। তার পর পুরো মুক্তি। কুইন্সটাউনে তখন ৫ দিনের ক্যাম্প করবে দল।

ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ২০, ২৩ ও ২৬ মার্চ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ এটি। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।

মোসাদ্দেকের অন্তর্ভুক্তির বিষয়ে নান্নুর ভাষ্য, ‘মোসাদ্দেককে নেওয়া হয়েছে ব্যাকআপ খেলোয়াড় হিসেবে। যেহেতু ব্যাটিং বোলিং পারে, অলরাউন্ডার। টিম ম্যানেজমেন্ট যদি মনে করে, খেলাবে। আমরা পুল বড় করতে চাই। তিন ফরম্যাটেই অনেক খেলা আছে। যেহেতু ঘরোয়া ক্রিকেট পুরোপুরি শুরু করতে পারিনি। আশা করছি নিউজিল্যান্ডে ভালো ক্রিকেট খেলব।’