রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি টিম।
শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার)।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোর্শেদ ওরফে হাড্ডি মোর্শেদ, জাহিদ শেখ, আরমান হোসেন, কবির হোসেন মনা ও রাসেল।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে লুণ্ঠিত ১টি বিদেশি রিভলবার, ৫০ রাউন্ড গুলি, স্বর্ণালংকার, লুণ্ঠিত স্বর্ণ বিক্রির ১৮ লাখ টাকা এবং ডাকাতি কাজে ব্যবহৃত গ্রিল কাটার যন্ত্রপাতি, চাপাতি, চাকু ও রেঞ্জ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত ২০ অক্টোবর ২০২০ তারিখ হাতিরঝিল থানা এলাকার বিশাল সেন্টারের পেছনে একটি বাসায় এবং ০৮ ডিসেম্বর ২০২০ তারিখ মিরেরবাগ এলাকার একটি বাসায় গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনা দুটিতে লাইসেন্সকৃত বিদেশি রিভলবার, ৫০ রাউন্ড গুলি, স্বর্ণালংকারসহ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতদল। এ ঘটনায় হাতিরঝিল থানায় পৃথক দুটি মামলা হয়।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তারকৃতরা সংগোপনে গ্রিল কেটে গৃহে প্রবেশ করে বসবাসরত ব্যক্তিদের হাত পা বেঁধে ডাকাতি সংঘটিত করে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।