ভাষাশহীদদের জন্য দোয়া

প্রাণের ভাষা বাংলার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের ঋণ শোধ করার সাধ্য কারও নেই। বাংলা ভাষাকে বিশে^র দরবারে গৌরবান্বিত করার পেছনে তাদের আত্মত্যাগ বাঙালি কখনোই ভুলবে না। জালিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর অনাচারের প্রতিবাদ করতে গিয়ে শহীদ হওয়া সালাম-রফিক-জব্বারদের আল্লাহ নিশ্চয় উত্তম প্রতিদান দেবেন।

আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ ও ঋণী। তাদের পরকালীন শান্তি ও কল্যাণ কামনার মাধ্যমে সেই ঋণের বোঝা হালকা করার চেষ্টা করতে পারি আমরা। তাদের জন্য দোয়া মাহফিল, দান-সদকা, কোরআন তেলাওয়াত, রোজা ও জনকল্যাণমূলক কাজের আয়োজন করতে পারি। এসব কাজ সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। বিনিময়ে আল্লাহর তাদের কবরে শান্তি নাজিল করবেন এবং তাদের মর্যাদা বৃদ্ধি করবেন। মৃত মানুষের জন্য কল্যাণকামনার দিক-নির্দেশনা দিয়ে রাসুল (সা.) ইরশাদ করেন, ‘যখন কোনো লোক মারা যায়, তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। কিন্তু তিন প্রকার আমল জারি থাকে। এক. সদকায়ে জারিয়া, দুই. রেখে যাওয়া উপকারী জ্ঞান এবং তিন. তার জন্য দোয়া করে এমন নেক সন্তান। (নাসায়ি, হাদিস : ৩৬৫১)