ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের যুগ্ম মহাসচিব আলহাজ মাওলানা কাজী মো. আনোয়ারুল ইসলাম খান ইন্তেকাল করেছেন।
গত শনিবার রাত ৮টায় তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন।
তিনি ২ ছেলে ১ মেয়ে ও ভাই-বোনসহ অসংখ্য শিক্ষার্থী এবং রাজনৈতিক শুভাকাঙ্খী রেখে গেছেন।
তার ছোট ভাই ব্যাংকার আরিফুল ইসলাম খান জানান, গত ১৩ ফেব্রুয়ারি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার কভিড ১৯ টেস্ট করানো হলে ফল নেগেটিভ আসে। এ অবস্থায় ১৭ ফেব্রুয়ারি তার লাঙ্গ ইনফেকশন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াতে সেখানকার চিকিৎসকরা তাকে জেনারেল হাসপাতালের আইসিইউতে রেফার্ড করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে তিনি মারা যান।
মাওলানা কাজী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম খান দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী ফয়জুলবারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন এবং নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল নুর বেগম জামে মসজিদের খতিবের দায়িত্বে ছিলেন।
তিনি পটিয়া উপজেলা হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের ফখর খান বাড়ির মরহুম আলহাজ আবদুস সোবহান খানের প্রথম পুত্র।
তার মৃত্যুতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদিন জুবাইর, পটিয়ার সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামসহ অনেকেই। তার রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
রবিবার দুপুরে হুলাইন সালেহ্ নুর ডিগ্রি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।