উড্ডয়নের সময় বিকল হয়ে যুক্তরাষ্ট্রের একটি আবাসিক এলাকার ওপর পড়েছে একটি বোয়িং জেট বিমানের ইঞ্জিন। বাকি একটি ইঞ্জিন সচল থাকায় ২৪১ আরোহী নিয়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে বোয়িং ৭৭৭ বিমানটি। ডেনভারের কাছে একটি আবাসিক এলাকার ওপর ইঞ্জিনটি পড়লেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন কর্র্তৃপক্ষ জানিয়েছে, হনলুলুগামী ইউনাইটেড এয়ারলাইনসের ৩২৮ ফ্লাইটের বিমানটির ডান দিকের ইঞ্জিন উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিকল হয়ে যায়। উড্ডয়নের কিছুক্ষণের পরই যাত্রীরা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পান। একটি ইঞ্জিন বিকল হয়ে পড়লেও ২৩১ জন যাত্রী ও দশ জন ক্রু নিয়ে বিমানটি নিরাপদে ডেনভার বিমানবন্দরে ফিরে আসতে সক্ষম হয়। একটি বাড়ির বাগানের ওপর ভেঙে পড়া ইঞ্জিনের ছবি অনলাইনে পোস্ট করেছে ব্রুমফিল্ড পুলিশ।
বিমানটির এক আরোহী জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ শোনার পর বিমানের পাইলট এক ঘোষণা দিয়ে যাত্রীদের বিষয়টি জানান। ডেভিড ডেলুসিয়া নামের ওই যাত্রী বলেন, ‘বিমানটি ভয়ানকভাবে কাঁপতে শুরু করে। আমরা উচ্চতা হারাতে থাকি আর নিচে পড়তে থাকি।’ তিনি জানান, নিচে পড়ে গেলে যেন আমাদের পরিচয় চিহ্নিত করা যায় সে কারণে তিনি ও তার স্ত্রী নিজেদের পকেটে পরিচয়পত্র নিয়ে নেন।