শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বগুড়া-৬ এমপি গোলাম মোহাম্মদ সিরাজকে ছাত্রলীগের ধাওয়া দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এ ঘটনায় প্রমাণ হয়েছে রাষ্ট্রক্ষমতা যারা পরিচালনা করছেন, তারা সন্ত্রাসের ভাবধারায় অনুপ্রাণিত। জেলায় জেলায় রাজনৈতিক সংগঠন না গড়ে, সন্ত্রাসীদের গ্যাং তৈরি করে বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর হামলা করানো হয়েছে।’
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বগুড়ায় জিএম সিরাজের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ন্যক্কারজনক। বগুড়া বিএনপির প্রভাতফেরিতে আওয়ামী লীগ হামলা চালিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা একমাত্র মাফিয়া রাষ্ট্রেই সম্ভব।’ বিবৃতিতে তিনি এই সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে আহতদের আশু সুস্থতা কামনা করেন।
একই বিবৃতিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সাংবাদিক বোরহান উদ্দীন মুজাক্কিরের মৃত্যুর ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, ‘দুর্নীতি, লুটপাট ও দখলে আওয়ামী ভোটারবিহীন সরকারের পাপের বোঝা এখন এত বেশি হয়ে গেছে যে, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার ও হানাহানিতে লিপ্ত হয়ে পড়ছে। গত ১৯ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জে সংঘটিত আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতার সমর্থকদের মধ্যে নারকীয় সংঘর্ষ সেটিরই পৈশাচিক বহিঃপ্রকাশ।