চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদে গোসল করতে নেমে সেনাবাহিনীর শীতকালীন মহড়ার পªশিক্ষণার্থী আসিফুল ইসলাম (২০) নামে এক সেনাসদস্য নিখোঁজ হয়েছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। তিনি বলেন,ঘটনার পর থেকে কোস্টগার্ড,নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
নিখোঁজ সেনাসদস্য আসিফুল চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার বলে জানা গেছে। তিনি বিএমএ ক্যাডেট হিসেবে এবারের প্রশিক্ষণে যোগ দেন।
স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, সন্ধ্যার দিকে সেনাবাহিনীর শীতকালীন মহড়ার পর জেলেপাড়ার শঙ্খপাড়ে দুজন সেনাসদস্য আসেন। একজন প্রশিক্ষণের পোশাকসহ শঙ্খ নদে গোসল করতে নামেন। তিনি সাঁতার কেটে একটু দূরে চলে যায়। পরে সেখান থেকে সাঁতরে কূলে উঠতে পারছিলেন না। তখন তার চিৎকারে ওপরে থাকা অপর সেনাসদস্যও পানিতে ঝাঁপ দেন। কিন্তুু তিনি ডুবন্ত সেনাসদস্যকে টেনে তুলতে পারেননি।
আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দুলাল কুমার মিত্র বলেন, সেনাবাহিনীর এক সদস্য নিখোঁজের ঘটনা জানার পর ঘটনাস্থলে গিয়ে ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত ওই সেনাসদস্যের খোঁজ পাওয়া যায়নি।