বেইলি সেতুর পাটাতন ভেঙে শমশেরনগর-কমলগঞ্জ যান চলাচল বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বেইলি সেতুর ৩টি পাটাতন ভেঙে যাওয়ায় শমশেরনগর-কমলগঞ্জ সড়কে মঙ্গলবার সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে।

সকাল ৬টা ৫০ মিনিটে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় সংলগ্ন খিন্নী ছড়ার ওপরের স্টিলের বেইলি সেতুর ৩টি পাটাতন ভেঙে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গেলে এলাকাবাসী দেশ রূপান্তরকে জানান, ভোররাতে কোনো ভারী যানবাহন পারাপারের সময় সেতুর পাটাতন ভেঙে যায়। এক বছর আগে এ বেইলি সেতুর দুটি পাটাতন খুলে গিয়েছিল। সেটি সংস্কার করে যানবাহন চলাচল শুরু হয়।

এলাকাবাসী দাবি, এখানে স্থায়ীভাবে সিসি ঢালাই সেতু নির্মাণ করতে হবে। এ ঘটনার পর থেকে শমশেরনগর-কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে সরাসরি সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সড়ক জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, দ্রুত মেরামতকারী একটি দল ঘটনাস্থলে গিয়ে বেইলি সেতুর খুলে যাওয়া পাটাতন নতুন করে স্থাপন কতে যানবাহন চলাচল স্বাভাবিক করবে।