২৪ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী

মিয়ানমারের কারাগারে সাজা শেষে ২৪ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশের কাছে ফেরত দিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মিয়ানমারের রাখাইন স্টেটের মংডুতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে বাংলাদেশি নাগরিকদের ফেরত দেয়।

বিজিপি মংডু ৪নম্বর সেক্টর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিজিবির পক্ষে ৯ সদস্য বিশিষ্ট দলের নেতৃত্ব দেন বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। অপরদিকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পক্ষে ৭ সদস্য বিশিষ্ট দলের নেতৃত্ব দেন বিজিপি মংডু সেক্টরের অধিনায়ক লে কর্নেল জ লি অং। পতাকা বৈঠক শেষে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করেন।

পরে বাংলাদেশি নাগরিকদের নিয়ে টেকনাফ জেটি ঘাটে ফিরে এসে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে জলসীমা অতিক্রম করায় এবং সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় এসব বাংলাদেশি নাগরিক মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ও মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক হয়। পরে তাদের মিয়ানমার আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। আদালতের দেওয়া সাজা শেষ হলে পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশি নাগরিকদের ফেরত দেয় মিয়ানমার কর্তৃপক্ষ। বাংলাদেশি নাগরিকদের মধ্যে কক্সবাজারের টেকনাফের ১২ জন, রাঙামাটি জেলার ৮ জন, বান্দরবান জেলার ৩ জন এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩ জন রয়েছে।

ব্রিফিংয়ে তিনি জানান, ফেরত আনা এসব নাগরিকদের স্বাস্থ্য বিধি মেনে প্রশাসনের মাধ্যমে স্ব স্ব গ্রামের ঠিকানায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ।