টেস্ট চ্যাম্পিয়নশিপের ‘সেমিফাইনাল’ আজ থেকে

উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ের ১ লাখ ১৪ হাজার ধারণক্ষমতার ‘রানগ্রাদো মে ডে’ স্টেডিয়াম বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম। দ্বিতীয় স্থানে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়াম, যার ধারণক্ষমতা ১ লাখ ১০ হাজার। ক্রিকেটে সর্ববৃহৎ। আগেও ১২টি টেস্ট হয়েছে এ মাঠে। তবে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট দিয়ে পরিবর্তিত, পরিবর্ধিত সরদার প্যাটেল স্টেডিয়ামের এক ধরনের অভিষেক হতে যাচ্ছে আজ।

অভিষেকটা হচ্ছে গোলাপি বলের টেস্ট দিয়ে। এ উপলক্ষে সেজে উঠেছে আহমেদাবাদও। তবে সেই বহিরঙ্গের সাজসজ্জা বিরাট কোহলি কিংবা জো রুটদের মন কতটা টানতে পারবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। দু’দলই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনার মুখে দাঁড়িয়ে। এই টেস্ট যারা হারবে তারা ছিটকে যাবে। সে কারণে প্রস্তুতির কোনো ফাঁক-ফোকর রাখতে চাচ্ছে না কেউ। গতকাল রাতের মোতেরায় আলো জ্বেলে অনুশীলন করেছেন কোহলিরা। এত সিরিয়াস হওয়ার কারণ সিরিজের শেষ দুই ম্যাচের একটিতে হারলেই ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা শেষ হয়ে যাবে। কোহলিরা অবশ্যই চাইবেন না তেমন কিছু হোক। লর্ডসে ফাইনালের জন্য নিউজিল্যান্ড পা দিয়েই রেখেছে। এখন অপেক্ষা দ্বিতীয় দলের জন্য। প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে আছে ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। ২-১-এ জিতলে ভারত যাবে। ইংল্যান্ডকে যেতে হলে মোতেরাতেই দুটি ম্যাচ জিততে হবে। ইংল্যান্ড যদি ২-১-এ জেতে বা সিরিজ ড্র হয় (১-১ বা ২-২), তাহলে লর্ডসের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া।

এসব সমীকরণের বাইরে ব্যক্তিগত মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন কোহলি এবং ইশান্ত শর্মা। যদি একাদশে থাকেন তাহলে এটি হবে ইশান্তের শততম টেস্ট। যে কীর্তি ভারতীয় পেসারদের মধ্যে একজনেরই আছে, তিনি কপিল দেব। অন্যদিকে ভারতীয় অধিনায়কের শেষ শতরান এসেছিল বাংলাদেশের বিরুদ্ধে ২০১৯ সালে। ইডেনে সেটাই ছিল ভারতের প্রথম গোলাপি বলের টেস্ট। আজ আবার গোলাপি বলের ম্যাচ খেলতে নামছে ভারত। এবারও কি সেঞ্চুরি পাবেন কোহলি? ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে সেঞ্চুরি করলে এক অনন্য রেকর্ডের মালিক হবেন কোহলি। অধিনায়ক হিসেবে ৪১টি আন্তর্জাতিক টেস্ট সেঞ্চুরি করবেন। আর টেস্টে জিতলে চার ম্যাচের সিরিজে এগিয়ে যাওয়ার সঙ্গে ভারতীয় অধিনায়ক হিসেবে দেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ডও গড়বেন। মহেন্দ্র সিংহ ধোনির দখলেও আছে ঘরের মাঠে ২১টি টেস্ট জয়ের রেকর্ড। চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে ধোনির সঙ্গে একমঞ্চে বসেন কোহলি। মোতেরায় জিতলে কোহলি টপকে যাবেন ধোনিকে। তবে এসব নিয়ে ভাবছেন না তিনি। অধিনায়কের ভাবনা জুড়ে আছে গোলাপি বলের আচরণ। লড়াইয়ে নামার আগে বলেছেন, ‘গোলাপি বল কেমন সুইং করবে তা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না। তবে লাল বলের চেয়ে গোলাপি বল বেশি সুইং করে। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলার সময় সেটা লক্ষ করেছিলাম।’ কোহলি আরও বলেন, ‘ইংল্যান্ডের শক্তি-দুর্বলতা নিয়ে আমরা ভাবছি না। তাদের মাটিতে যেখানে বল বেশি সুইং করে সেখানে জিতেছি আমরা। আমাদের লক্ষ্য দল হিসেবে ভালো খেলা।’

আহমেদাবাদ টেস্টে ফিরছেন চেন্নাইয়ে গত টেস্টে বিশ্রাম পাওয়া জিমি অ্যান্ডারসন। তার সঙ্গে স্টুয়ার্ট ব্রডও খেলবেন। জোফরা আরচার কি খেলবেন? মোতেরার উইকেটে কতটা ঘাস থাকবে তার ওপর নির্ভর করছে তার খেলা না খেলা। তবে গোলাপি বলের ক্রিকেট বলে তিন পেসার নিয়েও নামতে পারে ইংল্যান্ড। মোতেরার উইকেট নিয়ে সন্দিহান রুট বলেছেন, ‘গোলাপি বলের ক্রিকেট এবং মোতেরার উইকেট সম্পর্কে কম ধারণা থাকায় যতদূর সম্ভব সময় নিতে হবে। তাই দল নির্বাচনের সিদ্ধান্ত শেষ মুহূর্তে নিতে চাই।’ আরচার সম্পর্কে তিনি বলেছেন, ‘তাকে নেটে বোলিং করতে দেখে আমি খুব উত্তেজিত। সে বিশ্বমানের বোলার। সব দক্ষতা আছে তার। তবে সর্বাত্মক প্রস্তুতির পর সব বিবেচনায় নিয়ে শেষ মুহূর্তে আমরা দল জানাব।’