ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দেওয়ায় অনেকে হোয়াটস অ্যাপ ছাড়ছেন। যার ফলে টেলিগ্রাম ও সিগন্যালের মতো ম্যাসেজিং অ্যাপগুলোর ব্যবহারকারী বাড়ছে। গত কয়েক মাসে দুই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা অনেকটা বেড়েছে। এদিকে হোয়াটস অ্যাপকে বিদায় জানানোর ফলে সেখানকার সব চ্যাটও হারিয়ে যাওয়ার কথা। এ নিয়ে অনেকেই চিন্তিত। তবে এখন থেকে এই প্ল্যাটফর্মের সমস্ত চ্যাট নিয়ে যাওয়া যাবে টেলিগ্রামে। ফলে হোয়াটস অ্যাপ আনইনস্টল করার পরিকল্পনা থাকলে জেনে নিন কীভাবে সব চ্যাট টেলিগ্রামে পাঠাবেন। তবে হোয়াটস অ্যাপ থেকে শুধু টেলিগ্রাম ৭.৪ আপডেট ভার্সনেই চ্যাট ট্রান্সফার করা যাবে।
প্রথমেই হোয়াটস অ্যাপ খুলে যে চ্যাটটি ট্রান্সফার করতে চান, সেটি ওপেন করুন। এবার ওপরে ডানদিকে তিনটি ডটে ক্লিক করলে খুঁজে পাবেন ‘এক্সপোর্ট চ্যাট’ অপশনটি। সেটায় ক্লিক করলে কোথায় চ্যাটটি ট্রান্সফার করতে চান, সেই অপশন দেওয়া হবে। সেখান থেকেই বেছে নিন টেলিগ্রামকে। এরপর যে সব চ্যাট টেলিগ্রামে নিয়ে যেতে চাইবেন, সেখানে পৌঁছে যাবে।
আইওএসের ক্ষেত্রে, একইভাবে যে চ্যাটটি ট্রান্সফার করতে চান সেটি ওপেন করুন। এবার প্রোফাইল পিকচারের পাশের অংশে ক্লিক করুন। সেখানেই পেয়ে যাবেন ‘এক্সপোর্ট চ্যাট’ অপশনটি। টেলিগ্রাম অপশন বেছে নিলেই হোয়াটস অ্যাপ চ্যাট পৌঁছে যাবে সেখানে।