ম্যাচ রেফারির কাছে থার্ড আম্পায়ারকে নিয়ে অভিযোগ রুটদের

ভারতের বিপক্ষে গোলাপি বলের টেস্টের প্রথম দিন থার্ড আম্পায়ারের বিষয়ে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেছে ইংল্যান্ড। এদিন দুটি সিদ্ধান্ত ভারতের পক্ষে যাওয়ার বিষয়টি মানতে পারছেন না জো রুটরা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ম্যাচ রেফারি শ্রীনাথের সঙ্গে সেই বিষয় নিয়ে কথা বলেন জো রুট এবং ক্রিস সিলভারউড।

বুধবার টস জিতে ব্যাট করতে নেমে ১১২ রানে শেষ হয়ে যান রুটরা। ভারত ব্যাট করতে নামলে শুরুতেই শুভমন গিলের উইকেটের দাবি জানান বেন স্টোকসরা। তৃতীয় আম্পায়ার যদিও আউট দেননি। রিপ্লেতে দেখা যায় স্টোকসের হাতে বল পৌঁছানোর আগে মাটি ছুঁয়েছে। তবে মানতে চাননি রুটরা। বারবার মাঠের আম্পায়ারদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাদের। ম্যাচের শেষের দিকে দেখা যায় রোহিত শর্মার স্টাম্প আউটের আবেদন নাকচ করে দেন তৃতীয় আম্পায়ার। তা নিয়েও অসন্তোষ দেখা যায় ইংল্যান্ড দলের মধ্যে।

ইংল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের অধিনায়ক এবং কোচ ম্যাচ রেফারির সঙ্গে কথা বলেছেন। তাদের অভিযোগ তৃতীয় আম্পায়ার দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন। বেশি সময় নিয়ে দেখলে অন্য রকম সিদ্ধান্ত নিতেও পারতেন তৃতীয় আম্পায়ার।

দলের মুখপাত্র বলেন, ‘অধিনায়ক এবং কোচ বলেন, আম্পায়ারের সিদ্ধান্ত ২ পক্ষের জন্যই সমান হওয়া উচিত। ম্যাচ রেফারি জানিয়েছেন যে, অধিনায়ক সঠিক প্রশ্নই করেছেন আম্পায়ারকে।’