ঝালকাঠি শহরের আলোচিত শাহাদাৎ হোসেন হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরি গ্রামের গিয়াস মল্লিক (৪৫), কিস্তাকাঠি গ্রামের শাহীন ভূঁইয়া (৩৫) ও মির্জাপুর গ্রামের জয়নাল কাদি (৪৬)। রায় ঘোষণার সময় শাহীন ও জয়নাল আদালতে উপস্থিত থাকলেও গিয়াস মল্লিক পলাতক।
মামলার বিবরণে জানা যায়, পূর্বশত্রুতার কারণে ২০১৪ সালের ২১ এপ্রিল ঝালকাঠি শহরের স্টেশন রোডের একটি টিনের দোকানের ম্যানেজার শাহাদাৎ হোসেনকে গলা কেটে হত্যা করে আসামিরা।
অন্যদিকে নোয়াখালীর বেগমগঞ্জে ২০১৯ সালে শহিদুল ইসলাম শিপন নামে এক ওয়ার্কশপ ব্যবসায়ীকে হত্যার দায়ে কর্মচারী মো. ইমনকে (১৯) যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডের রায় দিয়েছে আদালত। গতকাল বিকেলে জেলা জজ আদালতের জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন। দন্ডপ্রাপ্ত ইমন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পানাহার গ্রামের আল-আমিন মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে ইমন হাতুড়ি দিয়ে আঘাত করে ব্যবসায়ী শিপনকে হত্যা করে।