চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পিকআপের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের বানিয়ারছড়া আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বরইতলী ইউনিয়নের মাহমুদনগর এলাকার নেজাম উদ্দিনের ছেলে মো. ছোটন (২২) ও রামু উপজেলার গর্জনিয়া এলাকার আমির হোসেনের ছেলে শামসুল আলম (২০)।
আহত মো. ফারুক (২০) রামু উপজেলার গর্জনিয়া এলাকার মো. হোছনের ছেলে। আহত ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ও আহত তিনজন বানিয়ারছড়া স্টেশনে একটি গ্রিল ওয়ার্কশপের কর্মচারী। শুক্রবার দোকান বন্ধ থাকায় তিন বন্ধু মিলে মোটরসাইকেল করে হারবাংয়ে বেড়াতে যাচ্ছিলেন। মহাসড়কের বানিয়ারছড়া আমতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির পিকআপ ট্রাক তিন মোটরসাইকলে আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় দুই জন। আহত একজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করে।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের লাশ উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক পিকআপটি পালিয়ে যায়।