ভালুকায় মরা গাছের নিচে চাপা পড়ে দুই যুবকের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় মরা আমগাছের নিচে চাপা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মল্লিকবাড়ি বাজারে। ভালুকা মডেল থানার পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।

জানা যায়, মল্লিকবাড়ি বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি.-এর বার্ষিক বনভোজন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার আগমুহূর্তে মল্লিকবাড়ি বাজার গো-হাটা মঞ্চের সামনে রাত সাড়ে ৯টার দিকে  হঠাৎ করে একটি মরা আমগাছ ভেঙে পড়ে। এতে ওই গাছের নিচে চাপা পড়ে গান শোনার জন্য অপেক্ষায় বসে থাকা মল্লিকবাড়ি ইউনিয়নের গোবদিয়া গ্রামের সূর্যত আলীর ছেলে কাঠমিস্ত্রি নাছির উদ্দিন (৩৩), মল্লিকবাড়ি বাজার পালপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে কাঠমিস্ত্রি শহিদ (৩৫) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার নাছিরকে মৃত ঘোষণা করেন। পরে শহিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় তিনি মারা যান।