‘মেসি কিছু না জিতলেও তার মাহাত্ম্য কমবে না’

মেক্সিকোর সাবেক সেন্ট্রাল ডিফেন্ডার রাফায়েল মার্কুয়েজ ২০০৩-১০ পর্যন্ত খেলেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতে। বার্সার বর্তমান অধিনায়ক লিওনেল মেসিকে তার ক্যারিয়ারের শুরু থেকে (২০০৪-এ শুরু মেসির) মার্কুয়েজ দেখেছেন খুব কাছ থেকে। মেসির বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এই জুনে। মেসি বার্সার সঙ্গে নতুন চুক্তি করবেন নাকি দল ছাড়বেন এ নিয়ে প্রতিনিয়তই মত দিচ্ছেন ফুটবলাররা। মার্কুয়েজ মনে করেন, মেসি বার্সেলোনার সঙ্গেই নতুন চুক্তি করবেন। বলেছেন, মেসি আর কিছু না জিতলেও তার মাহাত্ম্য কমবে না।

এবার চ্যাম্পিয়নস লিগ প্রি-কোয়ার্টারের প্রথম লেগে নিজেদের মাঠে পিএসজির সঙ্গে ৪-১-এ হেরেছে বার্সেলোনা। কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগেও সেভিয়ার কাছে ২-০তে হেরেছে মেসিরা। লা লিগায় আজ সেভিয়ার সঙ্গে ম্যাচ আছে বার্সার। সেটি হেরে গেলে কাতালান দলটির বিপদ আরও বাড়বে। লিগে সেভিয়া জিতলে তিনে উঠে যাবে, চারে নেমে যাবে বার্সেলোনা। দল খারাপ করলেও লিগে মেসি ঠিকই আছেন সর্বোচ্চ গোলদাতার শীর্ষে। ৪২ বছরের মার্কুয়েজ বলেন, ‘মেসি প্রতি বছর নিজের সামর্থ্যরে সর্বোচ্চটা দিয়ে খেলেছে বার্সেলোনায়। এটা খুবই দুঃখজনক যে, সে (মেসি) বার্সেলোনা ছেড়ে চলে যেতে পারে। এখনো এটি নিশ্চিত নয় সে থাকবে না চলে যাবে। মেসি যদি বার্সায়ই ক্যারিয়ার শেষ করে, তাহলে দারুণ হবে। আশা করি, এই দলের হয়ে মেসি আরও কিছু জিতবে। এটি আমার ইচ্ছা, কিন্তু সে যদি নাও জেতে তবু তার মাহাত্ম্য কমবে না। ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার সে।’