কারওয়ান বাজারে আগুন

রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে টিনসেডের দোকানে আগুন লেগেছে। শনিবার রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিবেন  দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার রাত ৯টা ৮মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে শতাধিক দোকান পুড়ে গেছে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. ফরহাদ এ তথ্য নিশ্চিত করেন। আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ফরহাদ দেশ রূপান্তরকে বলেন, রাত ৯টা ৮মিনিটের দিকে কারওয়ান বাজার হাসিনা মার্কেটে টিনসেডের দোকানে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে। ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো আগুন লাগার কারণ জানা যায়নি।

রাত সাড়ে ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন সম্পূর্ণ নির্বাপনে কাজ করছিল ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আগুনের ফলে আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা যায়। সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। 

দোকান মালিকরা জানান, হাসিনা মার্কেটে প্রায়ই আগুনের ঘটনা ঘটে থাকে। দুই সপ্তাহ আগেও মার্কেটের একটি দোকানে আগুন লাগে। দুই বছর আগেও অগ্নিকাণ্ডে এই মার্কেটের তিন শতাধিক দোকান পুড়ে যায়।