ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার অ্যাসোসিয়েশন) ২০২১-২২ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ (সাদা প্যানেল) সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাতেন নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে (নীল প্যানেল) বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট খোন্দকার হযরত আলী বিজয়ী হয়েছেন। গত শুক্রবার রাতে এ নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২৩টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা সভাপতিসহ ১৫টি পদে এবং সম্পাদকসহ বিএনপি সমর্থিত প্রার্থীরা ৮টি পদে বিজয়ী হন। ঢাকা বারের আগামী এক বছরের জন্য প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে গত বুধ ও বৃহস্পতিবার দুদিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৭ হাজার ৭৫৬ জন আইনজীবী। তাদের মধ্যে ৮ হাজার ৭০৬ জন আইনজীবী ভোট দেন।
নির্বাচনের জন্য গঠিত কমিশনের প্রধান ঢাকা মহানগর দায়রা আদালতের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট আবদুল্লাহ আবু শুক্রবার রাতে ফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে আব্দুল বাতেন পেয়েছেন ৪ হাজার ৪৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মোসলেহ উদ্দিন জসিম পেয়েছেন ৩ হাজার ৯৩৪ ভোট। সম্পাদক পদে খোন্দকার হযরত আলী পেয়েছেন ৪ হাজার ২৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফিরোজুর রহমান মন্টু পেয়েছেন ৪ হাজার ৭৩ ভোট।