সিরাজগঞ্জে আবারও হাসপাতাল থেকে নবজাতক চুরি

সিরাজগঞ্জে মাত্র চার দিনের ব্যবধানে আবারও হাসপাতাল থেকে সামিউল নামের এক নবজাতক শিশু চুরি হয়েছে।

শনিবার বিকেলে জেলার উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকার শাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে শিশুটি চুরির ঘটনা ঘটে। শিশু সামিউল জেলার তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের আব্দুল মাজেদ ও সবিতা খাতুন দম্পতির প্রথম ছেলে।

হাসপাতালের ম্যানেজার জাকির হোসেন ও শিশুর বাবা আব্দুল মাজেদ জানান, এদিন সকাল সাড়ে ৮টার দিকে প্রসব বেদনা নিয়ে সবিতা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়। ১১ টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই শিশুটির জন্ম হয়। শিশুটি জন্মের পর প্রসূতি বেশ কিছুক্ষণ অচেতন থাকায় শিশুটিকে তার নানি জয়নব বেগম কোলে নেন। শিশুটির কান্নাকাটি শুনে বোরকা পরিহিত এক মহিলা এসে জয়নবের সাথে কথা বলে ভাব জমায়। এরপর শিশুটিকে ওই মহিলা প্রায় ২/৩ ঘণ্টা কোলে করে রাখেন। বিকেল ৪টার দিকে জয়নব বেগম হাসপাতালের নিচে ওষুধ আনতে যান। এ সুযোগে ওই মহিলা শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে সলঙ্গা থানা-পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ওই মহিলাকে শনাক্তর চেষ্টা চলছে। সেই সঙ্গে শিশুটিকে উদ্ধারের চেষ্টাও চলছে।

এদিকে নবজাতককে দেখতে না পেয়ে হাসপাতালে বিছানায় অসুস্থ মা সবিতা পাগলের মতো বিলাপ করছেন।

এর আগে গত মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে একইভাবে বোরকা দুই মহিলা ২৩ দিনের শিশু মাহিমকে চুরি করে নিয়ে যায়। গত ৫ দিনেও সে উদ্ধার হয়নি।

শিশু চুরির ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ার পর থেকে সিরাজগঞ্জের সবগুলো হাসপাতালের অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই নিরাপত্তার অভাবে হাসপাতাল ছাড়তে শুরু করেছে।