ভারতে টিকার দাম সর্বোচ্চ ২৫০ রুপি

সরকারি হাসপাতালের পাশাপাশি ভারতের বেসরকারি হাসপাতালে মিলবে করোনা টিকা। তবে এর জন্য দাম দিতে হবে।

স্থানীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি এমন হাসপাতালে তালিকা প্রকাশ হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে দামও।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বেসরকারি হাসপাতাল প্রতি ডোজ টিকার দেওয়ার জন্য সর্বোচ্চ ২৫০ রুপি নিতে পারবে। এর মধ্যে সার্ভিস চার্জ ১০০ রুপি ও টিকা বাবদ ১৫০ রুপি।

এ দিকে সোমবার থেকে দেশটির ২৭ কোটি মানুষের মাঝে টিকাকরণ অভিযান শুরু হতে চলেছে। এই ২৭ কোটির মধ্যে রয়েছেন দুই ধরনের ব্যক্তি। এক, যারা ষাটোর্ধ্ব। দুই, যাদের বয়স ৪৫-৫৯ বছরের মধ্যে, কিন্তু দীর্ঘদিন ধরে নির্দিষ্ট ২০টি ক্রনিক রোগ বা সমস্যার শিকার।

তবে স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কাররা প্রতিষেধক পাচ্ছেন বিনামূল্যে। ২৭ কোটি মানুষের মধ্যে যারা সরকারি হাসপাতাল থেকে প্রতিষেধক নেবেন, তাদেরও অর্থ খরচ করতে হবে না।

সারা দেশের ১০ হাজারের বেসরকারি হাসপাতাল থেকে অর্থের বিনিময়ে প্রতিষেধক নিতে হবে বলে আগেই জানিয়েছিল কেন্দ্র। এই সুযোগে বেসরকারি হাসপাতালগুলো যাতে ব্যবসা ফেঁদে না-বসতে পারে, তার জন্য একটি ডোজ করোনা প্রতিষেধকের সর্বোচ্চ দাম ২৫০ রুপি বেঁধে দিয়েছে কেন্দ্র।

গত ১৬ জানুয়ারি করোনার গণ টিকাদানের কার্যক্রম শুরু হয় ভারতে। দেশটিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’ ও ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’ দেওয়া হচ্ছে।