বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে পড়ে কামারশালার ভেতর। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে সেখানে কর্মরত এক কামার নিহত হন।
রবিবার দুপুর ১টার দিকে বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রঞ্জন কর্মকার (৩২) সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের আশেকোলা কামারপাড়ার বাসিন্দা।
বাঘোপাড়া বাজারের ব্যবসায়ীরা জানান, বগুড়া-রংপুর মহাসড়ক সংলগ্ন বাঘোপাড়া বাজার এলাকায় একটি মোটর গ্যারেজে ট্রাকের মেরামত কাজ চলছিল। দুপুর ১টার দিকে গ্যারেজে কেউ না থাকার সুযোগে ওই গ্যারেজের রং মিস্ত্রি লিটন শখের বসে ট্রাক চালাতে যান। তিনি ট্রাক চালিয়ে গ্যারেজ থেকে বের করার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি মহাসড়কের পাশের এক কমাশালায় ঢুকে দোকানিকে চাপা দিয়ে পাশের ইউক্যালিপটাস বাগানে গাছের সাথে আটকে যায়। ট্রাকচাপায় রঞ্জন কর্মকার ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর পরই রং মিস্ত্রি লিটন পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন রঞ্জন কর্মকারের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।