বগুড়ার শিবগঞ্জে মোটরসাইকেলের পেছনে আলুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে আশরাফ আলী (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লালদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ বগুড়া শহরের মালতীনগর এলাকার আজিজার রহমানের ছেলে। তিনি কুড়াহার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষক ছিলেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে আশরাফ আলী মোটরসাইকেল চালিয়ে নাগর বন্দর থেকে কুড়াহারের দিকে যাচ্ছিলেন।
পথে লালদহ এলাকায় এলে পেছন দিক থেকে আসা একটি আলুবোঝাই ট্রাক তার মোটরসাইকেলকে সজরে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের পরিচয় তাৎক্ষণিক পাওয়া না গেলেও পরবর্তীতে ঘটনাস্থলে তার কাছে থাকা কাগজপত্র দেখে স্থানীয়রা তার পরিচয় শনাক্ত করেন এবং পুলিশকে খবর দেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও পুলিশ আলুবোঝাই ট্রাকটি জব্দ করেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জুন থেকে ৩ মাস নিষিদ্ধ সুন্দরবন প্রবেশ, দুর্ভোগে বনজীবীরা