সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের দীঘি সগুনা বাজারে গতকাল রবিবার সকাল ৮টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তারা হলেন, দীঘি সগুনা গ্রামের গাজী আফছার (৫৫), ফিরোজ (৪০), ইমরান (২১), ইদ্রিস আলী (৫০), ফারুক (৩৫), জুব্বার (৫৫), আব্দুল হালিম (৪৫), জাহাঙ্গীর হোসেন (৪০), আরশাফুল ইসলাম (২৫), বাবলু (৫০)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দীঘি সগুনা গ্রামের ইদ্রিস ও আফসার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে অধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে গতকাল সকালে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের শতাধিক লোক লাঠি, ফালা, হলেঙ্গা, রামদা, হাঁসুয়া, চাইনিজ কুড়াল, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ছাড়া ১০টি দোকান ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশের একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।