আগামী ৬ মার্চ মোহামেডান স্পোর্টিং ক্লাবের আলোচিত নির্বাচনের আগেই জানা হয়ে গেছে সভাপতির নাম। ঐতিহ্যবাহী ক্লাবটির দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মোহাম্মদ আবদুল মুবীন। সভাপতি পদে মনোনয়নপত্র নেওয়া অপর দুই প্রার্থী বিগত পরিচালনা পর্ষদের সভাপতি ওবায়দুল করিম ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ গতকাল নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেননি। ফলে একক প্রার্থী হিসেবে প্রার্থী তালিকায় উঠে গেছে জেনারেল মুবীনের নাম। সভাপতি পদে জমা না দিলেও পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফিরোজ রশীদ। গতকাল ১৬টি পরিচালক পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছে ২০টি।