টাঙ্গাইলের মির্জাপুরে আবদুল হাই নামে এক ইউপি সদস্যকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার চুরি মামলায় হাজিরা দিতে গেলে আদালত তাকে জেলহাজতে পাঠান বলে বাদীপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা নিশ্চিত করেন।
আবদুল হাই উপজেলার তরফপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্র জানায়, আবদুল হাই প্রায় ছয় মাস আগে তরফপুর গ্রামের প্রবাসী জলিল দেওয়ানের বাড়িতে সিঁদ কেটে স্বর্ণালঙ্কার চুরি করে পালানোর সময় গৃহকর্ত্রী নুরজাহান দেখে ফেলেন। পরে নুরজাহান বাদী হয়ে আদালতে মামলা করেন।
গতকাল ইউপি সদস্য আবদুল হাই টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকারের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান।