সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়াশিকা দক্ষিণপাড়া কওমি মাদ্রাসার শিক্ষক এরশাদ আলীকে (৪৫) পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
ওই মাদ্রাসার এক শিক্ষার্থীকে (৯) মোবাইল ফোন চুরির অপবাদে ঘরে আটকে নির্যাতন ও পিটিয়ে গুরুতর জখম করায় তাকে গত রবিবার রাতে পুলিশ গ্রেপ্তার করে। এর আগের দিন গত শনিবার দুপুরে শিক্ষক এরশাদ আলী নিজ কক্ষে মোবাইল ফোন রেখে গোসল করতে গিয়ে ফিরে এসে আর তা পাননি। পরে ওই শিক্ষার্থীকে সন্দেহ করে তাকে ঘরে আটকে রেখে বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়ে হাত, পা ও পিঠে গুরুতর রক্তাক্ত জখম করেন। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা করলে পুলিশ শিক্ষক এরশাদ আলীকে আটক করে গতকাল সোমবার জেলহাজতে পাঠায়। সলঙ্গা থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, থানায় মামলা হওয়ার পর ওই রাতেই মাদ্রাসাটির শিক্ষক এরশাদ আলীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।