বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হত্যার অভিযোগ

বাড়িওয়ালার ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর কলাবাগান থানা এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাজরিন মোস্তফা মৌমিতার রহস্যজনক মৃত্যুর ঘটনায় বাড়ির মালিকের ছেলে ফাইজারসহ পাঁচজনকে আসামি করে মামলা করেছে তার পরিবার। ঘটনার তিন দিন পর গতকাল সোমবার রাত ৮টার পর কলাবাগান থানায় মামলাটি করেন মৌমিতার বাবা।

কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ দেশ রূপান্তরকে বলেন, মৌমিতার পরিবার মামলা করেছে। ঘটনার তদন্ত চলছে।

মৌমিতার স্বজনদের অভিযোগ, ফাইজার দীর্ঘদিন ধরে মৌমিতাকে উত্ত্যক্ত করছিল। ফাইজার বাসার ছাদে বন্ধুদের নিয়ে আড্ডা দিত। মৌমিতা পড়ালেখা শেষে মাঝেমধ্যে বিকেলে ছাদে উঠলে তাকে উত্ত্যক্ত করত।  বিষয়টি ফাইজারের পরিবারকে জানালে তারা ছেলের পক্ষ নেয়।