ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু-দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছেন ক্রিস গেইল। ৪১ বছর বসয়ে দাঁড়িয়ে আরেকটি শিরোপার স্বপ্ন দেখছেন এই ‘ব্যাটিং দানব’।
এ বছরের শেষ দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ২০১৬ সালে ভারতের মাটিতে সর্বশেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখাই লক্ষ্য গেইলের।
বৃহস্পতিবার থেকে অ্যান্টিগায় শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মিশনে নামছে উইন্ডিজ। সব ঠিক থাকলে গেইল মাঠে নামবেন। ক্যারিবীয়দের হয়ে সবশেষ যিনি মাঠে নেমেছিলেন ২০১৯ সালের ১৪ আগস্ট, ভারতের বিপক্ষে ওয়ানডেতে। আর সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৯ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে।
লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে বিশ্বকাপ প্রসঙ্গে কথা বলেন গেইল। ‘ইউনিভার্স বস’ বলেন, ‘বিশ্বকাপ শুরু হতে এখনো অনেক সময় বাকি। কিন্তু এখনই বিশ্বকাপ নিয়ে চিন্তা শুরু হচ্ছে।’
তার কথায়, ‘সিরিজ জিতে আমি শুরু করতে চাই, তবে আমার কাছে বড় বিষয় হচ্ছে তিনটি ম্যাচই খেলার সুযোগ পাওয়া। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই, এটিই আমার লক্ষ্য।’
ভারতে অক্টোবর-নভেম্বরে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর।