জয়দেবপুর রেলওয়ে জংশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, ট্রেনের বগি বৃদ্ধি, জয়দেবপুর রেল ক্রসিংয়ে ওভার ব্রিজ নির্মাণ, জয়দেবপুর স্টেশনে ট্রেনের আসন বৃদ্ধি, জয়দেবপুর রেল জংশনের আধুনিকায়ন এবং নারীযাত্রীদের জন্য বগি সংযোজনসহ ১০ দফা দাবিতে গতকাল মঙ্গলবার সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত ঘণ্টাব্যাপী নগরীর জয়দেবপুর রেল জংশনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচির ফলে টঙ্গী, ধীরাশ্রম, কালিয়াকৈর ও শ্রীপুর স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে।
গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটি এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সভাপতি প্রকৌশলী সামসুল হকের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা হাতেম আলী, আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম, হোসনে আরা সিদ্দিকা জুলি, মোহাম্মদ শরীফ হোসাইন প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, গাজীপুরের ৭০ লাখ মানুষের এসব যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।