ছয় সপ্তাহ পর বিশ্বে শনাক্ত বেড়েছে

সাত সপ্তাহ পর বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। মূলত বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার ক্ষেত্রে শিথিলতা তৈরি হওয়া, করোনার নতুন রূপ ছড়িয়ে পড়া ও করোনা রুখতে মানুষের মধ্যে উদাসীনতা দেখা দেওয়ার কারণেই গেল সপ্তাহে বেড়েছে এই সংক্রমণ।

এ বিষয়ে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ‘সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়া হতাশজনক, তবে বিস্ময়কর নয়। সাত সপ্তাহ পর গেল সপ্তাহ থেকে আবার বিশ্বব্যাপী বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। মূলত যথাযথ স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব মানার ক্ষেত্রে শিথিলতা তৈরি হওয়ায় বাড়ছে এই সংক্রমণ। মানুষের শিথিলতার সুযোগে করোনার বিভিন্ন রূপের সংক্রমণ বাড়ছে।’

ব্রিফিংয়ে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটির কভিড-১৯বিষয়ক টেকনিক্যাল কর্মকর্তা মারিয়া ফন কারকোভি বলেছেন, করোনার সংক্রমণ বৃদ্ধি বিশ্বের জন্য একটা হুঁশিয়ারি। যদি আমরা সংক্রমণ রুখতে এখনই যথাযথ পদক্ষেপ না নিই তাহলে এটা বাড়তেই থাকবে। আমরা সেটা হতে দিতে পারি না। মনে রাখতে হবে বিশ্বব্যাপী করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়াটা একটা হুঁশিয়ারি আমাদের জন্য।’

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৯০ হাজার ৪৫ জন মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১

কোটি ৪৯ লাখ ৮৬ হাজার ৮০৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে ৬ হাজার ৬০৩ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ লাখ ৪৯ হাজার ৭২৫ জনে ঠেকেছে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে অন্তত ৯ কোটি ৬ লাখ ৯৬ হাজার ভুক্তভোগী।

যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৯৩ লাখ ১৪ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ২৭ হাজার ২২৬ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা ১ কোটি ১১ লাখ ২৪ হাজার। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৭৫ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ১ কোটি ৫ লাখ ৯০ হাজার। মৃত্যু হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৮৩৬ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত ৪২ লাখ ৮২ হাজার মানুষের শরীরে হানা দিয়েছে করোনা। মৃতের সংখ্যা বেড়ে ৮৬ হাজার ৪৫৫ জনে ঠেকেছে।

দ্বিতীয় তরঙ্গে মহামারীর গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ৪১ লাখ ৮২ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ১ লাখ ২২ হাজার ৯৫৩ জনের।

ছয়ে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ৩৭ লাখ ৬১ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৮৬ হাজার ৮০৩ জনের।

স্পেনে করোনার শিকার ৩২ লাখ ৪ হাজার মানুষ। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৬৯ হাজার ৬০৯ জনে ঠেকেছে।

ইতালিতে এখন পর্যন্ত ২৯ লাখ ৩৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৯৭ হাজার ৯৪৫ জনের। সুস্থতা লাভ করেছে দুই-তৃতীয়াংশ রোগী।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২৭ লাখ ১১ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬৩৮ জনের।

এছাড়া মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সঙ্গে ঝরছে বহু মানুষের প্রাণ।