নিউজিল্যান্ডের মাটিতে নতুন বল সামলানোর কৌশল নিয়ে ভাবছে বাংলাদেশ।
বুধবার মোহাম্মদ মিঠুন এ বিষয়ে বলেন ‘এখানে খেলাটা চ্যালেঞ্জিং। কারণ এখানকার কন্ডিশন অনেক ভিন্ন আমাদের থেকে। এই ধরনের কন্ডিশনে সব সময় খেলার সুযোগ হয় না। সবাই জানে নিউজিল্যান্ডে নতুন বলটা খুব বেশি চ্যালেঞ্জিং হয়। নতুন বলটা যদি ভালো করে সামলাতে পারি তাহলে আশা করছি আগের চেয়ে অনেক ইতিবাচক ফল আসবে।’
নিউজিল্যান্ডে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে ২৬ ম্যাচ খেলে এখনো একটা ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। বেশির ভাগ ম্যাচই শুরুতে কয়েকটি উইকেট হারিয়ে যেতে হয়েছে ব্যাকফুটে।
এবারের সফরে ১৪ দিনের কোয়ারেন্টাইনের ৭ দিন পর বাংলাদেশের ক্রিকেটাররা পেয়েছেন জিম ব্যবহারের সুবিধা। বৃহস্পতিবার থেকে ছোট গ্রুপে ভাগ হয়ে করবেন মাঠের অনুশীলনও।
করোনা পরিস্থিতির কারণে এবার বেশ আগেভাগে সেদেশে গেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ারও সুযোগ মিলেছে বেশি।
২০ ক্রিকেটারসহ মোট ৩৫ সদস্যের বাংলাদেশ দল নিউজিল্যান্ডে গেছে। ২০ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের মিশন।