বরিশালকে গুড়িয়ে দিয়ে জয় মিঠুনদের

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২২ পিএম

জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসরে জয় দিয়ে অভিযান শুরু করেছে খুলনা বিভাগ। প্রথম রাউন্ডের ম্যাচে বরিশাল বিভাগকে ইনিংস ও ১৩৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ মিঠুনের দল। ম্যাচের ফল নির্ধারিত হয়েছে মাত্র তিন দিনেই।

নিজেদের মাঠে টস জিতে ব্যাট করতে নেমে খুলনা প্রথম ইনিংসে ৪২৬ রানের বড় সংগ্রহ গড়ে। দলের হয়ে সর্বোচ্চ ৯২ রান করেন কালাম সিদ্দিকী। অধিনায়ক মিঠুনের ব্যাট থেকে আসে ৮৯ রান। সঙ্গে আফিফ হোসেন ধ্রুব করেন ৫০। বরিশালের বোলারদের মধ্যে রুয়েল মিয়া একাই নেন পাঁচ উইকেট।

খুলনার বড় সংগ্রহের জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বরিশাল। মাত্র ৯৪ রানেই অলআউট হয় তারা। দলের অধিনায়ক ইফতেখার হোসেন ইফতি ৪৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও বাকিরা খুলনার বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। খুলনার হয়ে মেহেদী হাসান রানা ও শেখ পারভেজ জীবন তিনটি করে উইকেট নেন। সফর আলী ও আব্দুল হালিমের শিকার দুটি করে উইকেট।

প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থেকে ফলোঅন করে বরিশাল। দ্বিতীয় ইনিংসেও ম্যাচে ফেরার মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি তারা। এবার ১৯৭ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। তবে ব্যাট হাতে একাই লড়াই চালিয়ে যান হাফিজুর রহমান। ১৪৫ বল খেলে সাতটি চার ও একটি ছক্কার সাহায্যে ৯১ রান করেন তিনি।

দ্বিতীয় ইনিংসে খুলনার বোলারদের মধ্যে সবচেয়ে সফল সফর, একাই চার উইকেট তুলে নেন। জীবন নেন তিনটি এবং সামিউন বাসীর রাতুলের শিকার দুটি উইকেট। বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে গেল খুলনা।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা বিভাগ ১ম ইনিংস: ৪২৬/১০ (কালাম সিদ্দিকী ৯২, মোহাম্মদ মিঠুন ৮৯, আফিফ হোসেন ৫০; রুয়েল মিয়া ৫/৮০, মইন খান ২/৮২)
বরিশাল বিভাগ ১ম ইনিংস: ৯৪/১০ (ইফতেখার হোসেন ইফতি ৪৪, জাওয়াদ আবরার ১২, শহিদুল ইসলাম ১০; শেখ পারভেজ জীবন ৩/১০, মেহেদী হাসান রানা ৩/২৫, আব্দুল হালিম ২/২২, সফর আলী ২/৩৪)
বরিশাল বিভাগ ২য় ইনিংস: ১৯৭/১০ (হাফিজুর রহমান ৯১, রাফসান আল মাহমুদ ৪৩, সালমান হোসেন ইমন ২৭; সফর আলী ৪/৩১, শেখ পারভেজ জীবন ৩/৬১, সামিউন বসির ২/৫৫)
সর্বশেষ সর্বাধিক পঠিত