পাপনের নামে ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট, আইনি ব্যবস্থা বিসিবির

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কোনো ফেইসবুক অ্যাকাউন্ট নেই। কিন্তু তার নামে ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট খুলে নানা রকম বক্তব্য দেওয়া হচ্ছে। যে ব্যাপারে আইনি ব্যবস্থা নিয়েছে বিসিবি।

এরই মধ্যে বেশ কিছু আইডি বন্ধও করে দেওয়া হয়েছে। বুধবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। এর মধ্যে ব্যবস্থাও নেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘দু-তিনটি আইডিকে চিহ্নিত করা হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু আইডি দেশের বাইরে থেকে খোলা হয়েছে। সেগুলোও বন্ধ করার পদক্ষেপ নেওয়া হয়েছে।’