সৌন্দর্য আর প্রতিভার সম্মিলনে আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এর চূড়ান্ত পর্বে উঠে এলেন সেরা দশ প্রতিযোগী। গ্রুমিং পর্ব আর অনুশীলন কার্যক্রমে অংশগ্রহণের ওপর ভিত্তি করে চুলচেরা বিশ্লেষণের পর সেরা সুন্দরী হিসেবে ১০ জনকে বাছাই করেছেন বিচারকরা। তারা হলেন অনকিতা দে, আপনা চাকমা, ফারজানা আকতার অ্যানি, ফারজানা ইয়াসমিন, ফাতেমা তুজ জহুরা, মারিয়াম আহমেদ, মাসুদা খান, নিদ্রা দে, তানজিয়া জামান মিথিলা এবং তৌহিদা তাসনিম তিফা। আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য লড়বেন এই ১০ প্রতিযোগী। সেরা ১০ বাছাই পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান, মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মীম, ফ্যাশন হাউজ জুরহেমের প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিরেক্টর মেহরুজ মুনির এবং ব্র্যাক ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ের ম্যানেজার আইরিন সমার তিলগার। মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার প্রেসিডেন্ট মোস্তফা রফিকুল ইসলাম ডিউক জানান, আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।