রিয়াসহ অভিযুক্ত ৩৩ জন
সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুসংক্রান্ত মাদক মামলায় চার্জশিট পেশ করা হয়েছে। মাদক আইনবিষয়ক আদালতে শুক্রবার গতকাল চার্জশিট জমা করেছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। সেখানে অভিনেতার সর্বশেষ প্রেমিকা রিয়া চক্রবর্তীসহ আরও ৩৩ জনের নাম রয়েছে। সেই সঙ্গে ২০০ জন সাক্ষীর বয়ান লেখা হয়েছে। ১২ হাজারের বেশি সংখ্যক পৃষ্ঠার চার্জশিট ফাইল করা হয়েছে। ২০২০ সালের ১৪ জুন সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার পর থেকে তোলপাড় শুরু হয়ে যায়। প্রাথমিকভাবে মুম্বাই পুলিশ সে বিষয়ে তদন্ত শুরু করলেও পরে ৩টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে সুশান্তের মৃত্যুসংক্রান্ত অনুসন্ধানের দায়ভার তুলে দেওয়া হয়। গত আগস্ট মাস থেকে মাদকসংক্রান্ত মামলা শুরু করে এনসিবি। এর জের ধরেই একাধিক বলিউড তারকা এনসিবির নজরে চলে আসেন। দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, রাকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুর, অর্জুন রামপালের বয়ান রেকর্ড করা হয়।
ভুয়া খবরের খপ্পরে অ্যাম্বার
হলিউডের সাবেক দম্পতি অ্যাম্বার হার্ড ও জনি ডেপের কাদা ছোড়াছুড়ি গড়িয়েছিল আদালতেও। আর তাতে ফেঁসে যান জনি ডেপ। এরই জেরে ওয়ার্নার ব্রোসের সিনেমা ‘ফ্যান্টাস্টিক বিস্ট থ্রি’ থেকে বিদায় নিতে হয়েছিল গ্রিন্ডেলওয়াল্ডকে। ব্যক্তিগত জীবনের জেরে সিনেমা থেকে বাদ পড়ার নজির হলিউডে বিরল। এতে খেপে গিয়ে জনি ডেপের ভক্তরা অ্যাম্বারকে বাদ দিতে অনলাইনে ‘অ্যাকোয়াম্যান টু’ বয়কটের পিটিশন দিয়েছিল। এর কিছুদিন পরই পশ্চিমা গণমাধ্যমে খবর বেরোয়, একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘অ্যাকোয়াম্যান টু’ থেকে বাদ পড়ছেন অ্যাম্বার হার্ড। শেষমেশ জানা গেল, এটা নাকি গুজব। নতুন করে আবার অ্যাম্বারের বিরুদ্ধে গুজব ছড়িয়েছে। অস্ট্রেলিয়ার একটি অনলাইন পোর্টাল প্রতিবেদন করেছে, ‘অ্যাকোয়াম্যান টু’ থেকে অ্যাম্বারকে বাদ দেওয়া হয়েছে, তবে এর সঙ্গে জনি ডেপ জড়িত নন। ওয়ার্নার ব্রোসের সঙ্গে চুক্তিতে একটি শর্ত আছে, তার শারীরিক গঠন ঠিক থাকতে হবে। কিন্তু তিনি এই শর্ত ভঙ্গ করেছেন। অ্যাম্বার বেশ ওজন বাড়িয়েছেন। ছবিতে এমন কিছু স্টান্ট নিতে হবে, যা এই শারীরিক গঠন নিয়ে নেওয়া সম্ভব নয়। তারা আরও রিপোর্ট করে, এই ছবিতে অ্যাম্বারের বদলে নেওয়া হতে পারে এমিলিয়া ক্লার্ককে। তবে দ্য হলিউড রিপোর্টারের নিজস্ব প্রতিবেদক রায়ান পার্কার এই গুজবের আগুনে পানি ঢেলে দিয়েছেন। তিনি টুইটারে ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের কাছের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, এটি ভুয়া খবর।
নারী নির্মাতাদের উৎসব
ছয় নারী নির্মাতার চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয়িতা চলচ্চিত্র উৎসব-২০২১’। উৎসবের মূল উদ্দেশ্য মুজিব জন্মশতবর্ষ ও আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ) একমঞ্চে সিনেমার মাধ্যমে তুলে ধরা। বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের আয়োজনে আজ থেকে এই উৎসব চলবে টানা তিন দিন। এ উৎসবে প্রদর্শিত হবে কোহিনুর আক্তার সুচন্দার ‘হাজার বছর ধরে’, নারগিস আক্তারের ‘মেঘলা আকাশ’, সামিয়া জামানের ‘রানী কুঠির বাকি ইতিহাস’, মৌসুমীর ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, শাহনেওয়াজ কাকলীর ‘উত্তরের সুর’ ও নানজীবা খানের ‘দ্য আনওয়ানটেড টুইন’। উৎসবটি প্রয়াত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনকে উৎসর্গ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ উৎসব।