দলই চা-বাগানে শ্রমিকদের কর্মবিরতি

মৌলভীবাজারের কমলগঞ্জের দলই চা-বাগানের সাবেক ব্যবস্থাপক আবার বাগানে ফিরে আসবেন এমন গুঞ্জনে গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আড়াই ঘণ্টা কর্মবিরতি পালন করেন চা-শ্রমিকরা।

চা-শ্রমিকরা জানান, দলই চা-বাগানের ‘বিতর্কিত’ সাবেক ব্যবস্থাপক আমিনুল ইসলামকে বদলি করার দাবিতে গত বছর তারা ৩৯ দিন কাজ বন্ধ রাখেন। উপজেলা প্রশাসন, সংসদ সদস্য, শ্রম দপ্তর প্রতিনিধির কয়েক দফা বৈঠক শেষে ৩৯ দিন পর গত বছরের ৬ সেপ্টেম্বর অভিযুক্ত ব্যবস্থাপক আমিনুল ইসলামকে বাগানের বাইরে রেখে দলই চা-বাগান খোলা হয়েছিল। এত দিন শ্রমিকরা ঠিকমতো বাগানে কাজ করে আসছিলেন।

দলই চা-বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মোহাম্মদ জাকারিয়া দেশ রূপান্তরকে বলেন, ‘দীর্ঘ পাঁচ মাস আমি চা-বাগানে ছিলাম না। এত দিন শ্রমিকরা ঠিকমতো বাগানে কাজ করেছেন। এখন হঠাৎ কী গুঞ্জন উঠেছে, এ বিষয়ে আমার জানা নেই।’