সীতাকুণ্ডে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার পৌরসভার বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার মনির আহমদের ছেলে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ভাটিয়ারী থেকে ফয়সাল ও রাফসান নামের দুই যুবক মিরসরাইয়ের আরশি নগর পার্কে বেড়াতে যাচ্ছিলেন। বটতল নামক স্থানে পৌঁছালে হঠাৎ রাস্তা পার হতে যাওয়া এক পথচারী মোটরসাইকেলের সামনে চলে আসেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন দুই মোটরসাইকেল আরোহী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। এছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমির ফারুক।