রাজশাহীর দুর্গাপুরে পানবরজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতের নাম মাহাবুর রহমান (৩৮)। উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামে তার বাড়ি। বাবার নাম আজাদ আলী।
এরপর গুরুতর আহত অবস্থায় মাহাবুরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই মিঠুন আলী জানান, বাড়ির পাশে তাদের পানবরজ রয়েছে। এর পাশে তার চাচা আবু বাক্কার বাড়ি করেছেন। তিনিও এখন পানবরজের ভাগ চান। এ নিয়েই সকালে মারামারি শুরু হয়। এ সময় তার চাচা ও চাচাতো ভাইয়েরা হাতুড়ি দিয়ে মাহাবুরের বুকে আঘাত করেন। এতেই তার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বলেন, যারা মারধর করেছেন তারা বাড়ি থেকে পালিয়েছেন। আমরা তাদের ধরার চেষ্টা চলছে।