দেশ এখন দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে : ড. কামাল

গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠার পরিবর্তে দেশ এখন দুঃশাসন ও দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন সামনে অগ্রসর হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। এই রাজনৈতিক অব্যবস্থাপনা ও অর্থনৈতিক লুণ্ঠনের প্রতিবাদে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’ গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, দেশের সব সমস্যা আজ সংকটে পরিণত হয়েছে। এই সংকট থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের ঐক্যের প্রয়োজন আছে। সংকট উত্তরণে জনগণকে ঐকমত্যে আসতে হবে। যাতে সরকার বাধ্য হয় এই জিনিসগুলো থেকে সরে দাঁড়াতে। এই অবস্থা বিরাজ করলে এখানে আমাদের সুশাসন পাওয়ার কোনো উপায় থাকবে না। জনগণকে সঙ্গে নিয়ে আমরা যদি মাঠে না নামি তাহলে এর থেকে উত্তরণ ঘটবে না।’

প্রেস ক্লাবের সামনেই গণফোরামের আরেক অংশের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘দল থেকে বের হয়ে হয়তো আরেকপক্ষ আরেক বক্তব্য রাখতে পারে। আমার দল আমি মনে করি সঠিকভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে, কাজ করে যাবে।’