ই-পেমেন্টে শুল্ক কর পরিশোধ বাধ্যতামূলক

চলতি বছরের ১ জুলাই থেকে আমদানি, রপ্তানিতে পণ্য চালানের বিপরীতে দুই লাখ টাকার শুল্ক ও কর পরিশোধে ইলেকট্রনিক পেমেন্ট বা ই-পেমেন্ট বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২২ সালের জানুয়ারি থেকে সব অঙ্কের শুল্ক ও কর ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করেছে সংস্থাটি। গতকাল রবিবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কাস্টম হাউজ আইসিডি কমলাপুরকে আগামী এপ্রিল থেকে পণ্য আমদানি ও রপ্তানিতে পরিশোধযোগ্য সব শুল্ক ও কর ই-পেমেন্টে নিতে বলেছে রাজস্ব বোর্ড। এনবিআরের কাস্টমস, নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্যের সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনার কথা জানানো হয়।