৯ এপ্রিল শুরু আইপিএল

হায়দরাবাদের বিপক্ষে সাকিবের প্রথম ম্যাচ

কভিড-১৯-এর প্রকোপের কারণে গত আসর সংযুক্ত আরব আমিরাতে হওয়ার পর আইপিএল আবার ফিরছে ভারতে। তবে ৯ এপ্রিল শুরু এবারের আসরে কোনো ‘হোম’ ম্যাচ নেই। মহামারীকালের বিশেষ টুর্নামেন্ট হিসেবে ঘরের মাঠে খেলার সুযোগ নেই কোনো ফ্র্যাঞ্চাইজির। সব ম্যাচই নিরপেক্ষ ভেন্যুতে। বিশ্বের সবচেয়ে কাক্সিক্ষত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বলে বিবেচিত টুর্নামেন্টের এবার ১৪তম আসরের ব্যাপ্তি ৫২ দিন। ফাইনাল ৩০ মে। তাতে আইপিএল শেষেও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (১৮-২২ জুন)-এর আগে দুই সপ্তাহের বেশি সময় পাবে ভারত। কলকাতা, মুম্বাই, চেন্নাই, আহমেদাবাদ, নয়াদিল্লি ও বেঙ্গালুরু- এই ৬টি ভেন্যুতে খেলা হবে। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স ১১ এপ্রিল প্রথম ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ ১২ এপ্রিল। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচ খেলবে ১০ এপ্রিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএলের প্লে-অফ এবং ফাইনাল চারটি ম্যাচই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আপাতত দর্শকশূন্য স্টেডিয়ামে হবে আইপিএল। এই সিদ্ধান্তে খুশি নন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, ‘সমর্থকরাই যদি মাঠে না আসতে পারে তাহলে দেশের মাটিতে আইপিএল করে কী লাভ হবে! তাছাড়া দেশজুড়ে কভিড পরিস্থিতি ভালো না হলেও একাধিক শহরে প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। এরচেয়ে অদ্ভুত ব্যাপার কিছু হতে পারে না।’