শচিনের সুচ ফোটানোর ভিডিও ভাইরাল করলেন শেবাগ

বিরেন্দ্রর শেবাগের কাছে শচিন টেন্ডুলকার ‘ঈশ্বর’। এবার সেই ‘ঈশ্বরের’ সঙ্গেই রীতিমতো মজা করলেন সাবেক ভারতীয় ওপেনার। শচিনের সুচ ফোটানোর ভিডিও ধারণ করলেন। তবে শুধু শেবাগ নন, সেই ভিডিওতে যুবরাজ সিংও বেশ মজা করলেন শচিনের সঙ্গে।

শরীর বেশি ভালো নয় শচিনের। রক্তচাপ বেড়েছে। তাই মঙ্গলবার রোড সেফটি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড লিজেন্ডসের বিপক্ষে নামার আগে বাঁহাতে সুচ ফোটাচ্ছেন শচিন। ঠিক এমন সময় ড্রেসিংরুমে মুঠো ফোন নিয়ে শচিনের সামনে চলে এলেন শেবাগ। এরপর চলল মজার কথোপকথন।

সেই মজার কথোপকথন তুলে ধরা হল:

শেবাগ: এই দেখুন আপনাদের সামনে আমাদের ঈশ্বর। তিনি কিন্তু কারো কথা শুনতে চাইছেন না। শরীরে সুচ ফুটিয়েও তার মাঠে নামা চাই! যুবরাজ সিং, তুমি এই বিষয়ে কিছু বলতে চাও?

যুবরাজ: ভাই তুমি ‘শের’ হলে আমার পাশের জন ‘বব্বর শের’। এমন লোক আমাদের পাশে থাকলে চিন্তা হবেই!

শেবাগ: ইনি হলেন আমাদের ফিজিও। ইনি গত সাত দিন ধরে ‘ঈশ্বর’-এর সেবা করছেন।

শেবাগ: (মুঠোফোন শচিনের দিকে ঘুরিয়ে) আপনার এই বিষয়ে প্রতিক্রিয়া?

শচিন: (একগাল হেসে) তোমার সামনে কেউ কখনো কথা বলতে পেরেছে?

শেবাগ: কিন্তু এখন তো প্রশ্ন করছি। প্রশ্ন করাই তো আমার কাজ। ম্যাচের জন্য আপনি তৈরি?

শচিন: সব সময় সেই চেষ্টাই করে গিয়েছি।