কুপিয়ে ভাই ও ছুরিকাঘাতে তরুণকে হত্যা

জমিজমা সংক্রান্ত বিরোধে সাতক্ষীরার পাটকেলঘাটায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক তরুণকে খুন করা হয়েছে ছুরিকাঘাতে। এছাড়া, রংপুরের বদরগঞ্জে দেড় মাস বয়সী শিশুর এবং ঠাকুরগাঁওয়ে নালা থেকে ডাকপিয়নের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

সাতক্ষীরা : পাটকেলঘাটায় জমিসংক্রান্ত বিরোধে বড় ভাই দা দিয়ে কুপিয়ে খুন করেছেন ছোট ভাইকে। গত রবিবার দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত মন্তাজ মল্লিক (৩৫) পাটকেলঘাটার জগনান্দকাটি গ্রামের মজিদ মল্লিকের ছেলে।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : আখাউড়ায় রাজু মিয়া (২০) নামে এক তরুণকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। গত রবিবার রাতে পৌর এলাকার দেবগ্রামের টানা ব্রিজ এলাকায় এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নারীঘটিত কারণে শুভ (২৫) নামে এক তরুণ এ ঘটনা ঘটায় বলে নিহত রাজুর পরিবার অভিযোগ করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ অভিযুক্ত শুভ’র বাবা-মা, শ^শুর-শাশুড়ি ও ফুফুসহ ছয়জনকে আটক করে থানায় নিয়ে গেছে।

রংপুর  : বদরগঞ্জে দেড় মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার  গোপীনাথপুর ইউনিয়নের আরাজী দিলালপুর বানিয়াপাড়ার একটি ডোবা থেকে গতকাল সোমবার সকালে সাইম বাবু নামে ৪৮ দিন বয়সী ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। শিশুটির বাবার নাম হামিদুল ইসলাম এবং মা ফরিদা বেগম। গত রবিবার সন্ধ্যা থেকে শিশুটিকে ঘরে পাওয়া যাচ্ছিল না বলে বাবা-মা জানান।

ঠাকুরগাঁও : সদর উপজেলার পাটিয়াডাঙ্গী বাজার এলাকার বরেন্দ্র’র গভীর নলকূপের সেচ ক্যানেল থেকে খলিলুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খলিল সদর উপজেলার শিবগঞ্জ পোস্ট অফিসের পোস্টম্যান পদে কর্মরত ছিলেন। তার বাড়ি সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের মোলানখুড়ী। গতকাল সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায়। রবিবার সন্ধ্যায় বাজারে গিয়ে খলিল আর বাড়ি ফেরেননি বলেও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান।