ভাইকে খুনের একদিন পর অভিযুক্ত বড় ভাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

জমির বিরোধের জেরে সাতক্ষীরার পাটকেলঘাটায় ছোট ভাইকে হত্যার ঘটনায় একদিন পর অভিযুক্ত বড় ভাই শাহজাহান মল্লিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদো বাটরা গ্রামের একটি বাগানের আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহজাহান মল্লিক তালা উপজেলার জগদানন্দকাটি গ্রামের মজিদ মল্লিকের ছেলে।

এর আগে গত রবিবার রাত ৯টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার জগদানন্দকাটি গ্রামের বড় ভাই শাহজাহান মল্লিকের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন ছোট ভাই মনতাজ মল্লিক (৩৫)।

কলারোয়া থানার ওসি খায়রুল কবীর জানান, রবিবার রাতে ছোট ভাই মনতাজ মল্লিককে হত্যার পর থেকে শাজাহান পলাতক ছিলেন।

এর একদিন পর মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদো বাটরা গ্রামের একটি বাগানের আম গাছে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত শাহজাহান মল্লিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি ওয়াহিদ মোরশেদ জানান, রোববার রাতে ছোট ভাই মনতাজ মল্লিক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বড় ভাই শাহজাহান মল্লিক কয়েকজনকে সঙ্গে নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।