ভ্যাকসিন নেওয়া লোকজনের জন্য সুখবর জানাল যুক্তরাষ্ট্র। দেশটির সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন (সিডিসি) জানিয়েছে, যারা ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নিয়েছেন তারা একে অন্যের সঙ্গে মাস্ক ছাড়াই দেখা করতে পারবেন। অর্থাৎ ভ্যাকসিন নেওয়ার পর মানুষের জীবন-যাপন এখন অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে।
সিডিসির নতুন স্বাস্থ্যবিষয়ক নির্দেশনা অনুযায়ী, যারা ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন তারা ভ্যাকসিন নিয়েছেন বা নেননি এমন লোকজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। ভ্যাকসিনের চূড়ান্ত ডোজ গ্রহণের দুই সপ্তাহ পর থেকেই লোকজনকে সুরক্ষিত বিবেচনা করা হয়। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৩ কোটি মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন।
গত সোমবার হোয়াইট হাউজের করোনাভাইরাস টাস্ক ফোর্সের এক ব্রিফিংয়ে নতুন স্বাস্থ্য নির্দেশিকা ঘোষণা করেন স্বাস্থ্য কর্মকর্তারা।