রূপগঞ্জে কলি বাহিনীর দুই সন্ত্রাসী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে থানা-পুলিশের বিশেষ অভিযানে কলি বাহিনীর দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কাঞ্চন বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কাঞ্চন পূর্বপাড়া এলাকার সেকান্দরের ছেলে সাইফুল্লাহ ও কাঞ্চন সানলাইট সিনেমা হল সংলগ্ন এলাকার মৃত গোলজার হোসেনের ছেলে আলমগীর ওরফে বোগা আলমগীর।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহাবুবুর রহমান জানান, বেশ কিছু দিন ধরেই কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি ও তার লোকজন এলাকায় সশস্ত্র মহড়া, হামলা ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

এসব ঘটনায় রূপগঞ্জ থানায় মামলাও হয়েছে। বারবার এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে বললেও তারা তা করেননি।

সোমবার রাতে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদিরের নেতৃত্বে কাঞ্চন বাজার এলাকায় একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে কলি বাহিনীর সাইফুল্লাহ ও আলমগীর ওরফে বোগা আলমগীরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার করতে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির নেতৃত্বে রবিউল, শান্ত, মতিউর, ইসলাম উদ্দিন, মনজুর আলম, বাবু, রোবেল, টুটুল, নির্জন, আলামিন, মাহফুজ, শাকিল, আতাউর, কাকন, ইমনসহ কলি বাহিনীর সন্ত্রাসীরা নিরীহ মানুষের উপর একের পর এক তাণ্ডব চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। আর কলি বাহিনীর আতঙ্কে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।