জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক তাতেন্দা তাইবুকে চেনে না এমন ক্রিকেটপ্রেমী বাংলাদেশে নেই। বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজ তাইবুর জিম্বাবুয়ের বিপক্ষেই জিতেছিল। সেই তাইবু আবারও বাংলাদেশে আসতে পারেন। ৩৭ বছর বয়সী সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যানকে বিসিবি বিকেএসপির কোচের দায়িত্ব দিতে চাচ্ছে বলে খবর।
আলোচনা চলছে। চুক্তি কত দিনের বা তার পারিশ্রমিক কত- কিছুই চূড়ান্ত হয়নি। তাই বিসিবির পক্ষ থেকেও নিশ্চিত কিছু জানানো হয়নি। তবে দুই পক্ষের চুক্তির প্রক্রিয়া শেষ দিকেই। চুক্তিটা লম্বা সময়ের হবে বলেও জানা গেছে।
২০০১ সালে আন্তর্জাতিক অভিষেক হয় তাইবুর। ২০০৪ সালে মাত্র ২০ বছর বয়সে জিম্বাবুয়ের টেস্ট দলের নেতৃত্ব পান। এরপর অনেকবারই দল নিয়ে বাংলাদেশে এসেছেন। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তাইবু দীর্ঘদিন ধর্মযাজক ছিলেন। পরে আবারও ক্রিকেটে ফিরেছেন কোচ হয়ে। ‘কিপার অব ফেইথ’ নামে তার আত্মজীবনীও আছে।